ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সকল স্থান ও দেশের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্কের মূল ভিত্তি সেখানে বসবাসরত প্রবাসী ভারতীয়রা। গত ২৩ ফেব্রুয়ারী, বুধবার, ‘ইইউতে ভারতের প্রবাসী ডিভিডেন্ড’ বিষয়ক ভার্চুয়াল পিবিডি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রবাসীদের এমনই মহামান্বিত স্বীকৃতি দিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ।
মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, “পড়াশুনা, কাজ কিংবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশগামী অভিবাসী ভারতীয়দের পছন্দের তালিকায় প্রথমদিকে থাকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আর তাঁদের কল্যাণেই এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্কও দিনকে দিন মজবুত হচ্ছে।”
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত হওয়া সম্মেলনটিকে একটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, “এটি স্বাধীন ভারতের গৌরবময় ইতিহাস এবং কৃতিত্বের ৭৫ বছর স্মরণে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ। ইউরোপের সাথে এই আঞ্চলিক সম্মেলনটি এমন এক সময়ে ঘটছে, যখন উভয় প্রান্তের জনগণের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।”
মুরালি বলেন, “ভারত এবং ইইউ উভয়েই নিঃসন্দেহে বিশ্বের অন্যতম প্রাণবন্ত গণতন্ত্রের উদাহরণ। বিশ্বের দুটো বৃহত্তম উন্মুক্ত বাজার অর্থনীতি এবং বহুত্ববাদী সমাজ এই দু অঞ্চল। আমাদের দীর্ঘ ও ঐতিহাসিক সংযোগ রয়েছে।”
বিশ্বের অনেক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে ভারত ও ইইউ এর অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে উল্লেখ করে মুরালিধরণ বলেন, “আমরা অভিন্ন মূল্যবোধ ভাগ করে নিই। যার মধ্যে বহুপাক্ষিকতার সংস্কার সহ অনেক জটিল বিষয় অন্তর্ভূক্ত।”
এসময়, ইইউকে ভারতের অত্যন্ত পছন্দের অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, “ইইউ একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জনপদ। প্রচুর ভারতীয় প্রবাসীর আবাসস্থল। স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে ০১ মিলিয়নেরও বেশি ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূত লোক কর্মরত রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “ভাসুদাইভা কুটুম্বকমের সত্যিকারের চেতনায় ভারত ঐতিহ্যগতভাবে বিশ্বব্যাপী শান্তি ও অগ্রগতির প্রচারের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এবং প্রবাসীরা ইইউ সহ বিশ্বের অন্যান্য স্থানে প্রবাদটির প্রকৃত অর্থ ধারণ করে সেই ভূমিকা পালন করছে।”
অভিজ্ঞ এই নেতা বলেন, “ইউরোপেই প্রচুর সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত লোক রয়েছেন। বিভিন্ন রাষ্ট্রের সরকার ও সরকার প্রধান হিসেবেও তারা দায়িত্ব পালন করছেন। বৃহৎ বহুজাতিক কর্পোরেশন ও সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন ভারতীয়রা। সর্বোপরি, আমাদের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে গভীর ও দৃঢ় ভূমিকা রাখছেন তারা।”
এসময়, ভারতের বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে বিভিন্ন দেশের প্রবাসী ভারতীয়দের সাথে গভীর ও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা হচ্ছে বলে সবাইকে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা প্রবাসীদের দক্ষতা এবং প্রতিভা থেকে প্রচুর পরিমাণে লাভ করতে পারি। তাই পারস্পরিক সুবিধার জন্য এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। প্রবাসীদের সাথে সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে শুরু করা হয়েছে।
এসময়, প্রবাসীদের জন্য মোদী সরকারের নেয়া বিভিন্ন স্কিম, যেমনঃ VAJRA ফ্যাকাল্টি স্কিম যা ভারতের R&D ইকোসিস্টেমে একটি আন্তর্জাতিক মাত্রা নিয়ে এসেছে; প্রভাস: ‘প্রবাসী ভারতীয় একাডেমিক এবং বৈজ্ঞানিক যোগাযোগ – মাতৃভূমির সাথে ভারতীয় প্রবাসীদের একীভূত করা’ -নিয়ে বিস্তর আলোচনা করেন মুরালিধরণ।
এছাড়া, ২০১৬ সালে ভারত এবং ইইউ অভিবাসন এবং গতিশীলতার উপর একটি সাধারণ এজেন্ডা স্বাক্ষর করেছে বলেও জানান তিনি।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক







