আগামীকাল (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হতে যাওয়া সিডনি সংলাপের প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য আয়োজনটির উদ্বোধনী বক্তব্য দেবেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রযুক্তি বিবর্তন এবং বিপ্লবের থিম নিয়ে বক্তৃতা করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। ১৭ থেকে ১৯ নভেম্বর অবধি সময়কালে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানটিতে আরও ভাষণ দিবেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।
প্রসঙ্গত, সিডনি সংলাপের উদ্দেশ্য রাজনৈতিক, ব্যবসায়িক এবং সরকারী নেতৃবৃন্দকে এক মঞ্চে দাঁড় করিয়ে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করার সুযোগ করে দেয়া, উন্মুক্ত বিতর্ক করা, সেখান থেকে নতুন ধারণার উন্মোচন ঘটানো এবং উদীয়মান প্রযুক্তির দ্বারা সৃষ্ট সুযোগ এবং চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তর আলোচনা করা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক







